মনীষ শুক্লা খুনে গ্রেফতার আরও এক
দি নিউজ লায়ন ; মনীশ শুক্লা খুনে দুষ্কৃতীদের নাম উঠে আসছে। এবার পুলিশের জালে দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া সুবোধ যাদব। বুধবার ব্যারাকপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে একটি নির্মীয়মান বহুতলে হানা দেয় তদন্তকারী দল। বাইরে থেকে তালা দেওয়া ছিল।
মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ দরজার তালা ভেঙে নাসির খানকে পেয়ে যায়। এরপরই তদন্তে উঠে আসে ওই ঘরে ৬ জন শার্প শ্যুটার ছিল। তাদেরকে আশ্রয় দিয়েছিল সুবোধ যাদব। জানা গিয়েছে, ওই ঘরের মেঝেতে গদি, বালিশ, বিছানা পেতে দুষ্কৃতীরা ছিল। নিয়ম করে সকাল, দুপুর, রাতে তাদের খাবার পৌঁছে যেত। বাইরে বিশেষ বেরতে না। মাসখানেক ধরে তারা এই ফ্ল্যাটে ছিল।
টিটাগড় থানার সামনে মনীশ যেখানে খুন হন সেই স্হান থেকে এই বহুতলের দূরত্ব খুব বেশি নয়। সূত্র জানাচ্ছে, ওই ঘরে বসেই মাসখানেক ধরে মনীশ খুনের ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল। এই ঘটনার তদন্তে নেমে সি আই ডি খুররম, গুলাব শেখ ও নাসির খানকে গ্রেপ্তার করেছে।
যদিও পুলিশের তরফে এখনো পর্যন্ত খোলসা করা হয়নি কি উদ্দেশ্যে মনীশকে নৃশংসভাবে খুন করা হল। খুররমের সঙ্গে পুরনো শত্রুতাকে কাজে লাগিয়ে নেপথ্যে কেউ রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ব্যারাকপুর-টিটাগড় জুড়ে। সি আই ডি-র হেফাজতে থাকা খুররমের সূত্র ধরেই পুলিশ সুবোধ যাদবকে গ্রেপ্তার করেছে।

Post a Comment